টিএসএমসির জন্য ৬.৬ বিলিয়ন ডলারের অনুদান চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র

১৬ নভেম্বর, ২০২৪ ১৪:২৫  

তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানির তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-কে সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য ৬.৬ বিলিয়ন ডলার সরকারি ভর্তুকি প্রদানের বিষয়টি চূড়ান্ত করেছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় অ্যারিজোনার ফিনিক্সে নতুন কারখানায় সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য এই ভর্তুকি দিচ্ছে।

গত এপ্রিলে প্রাথমিকভাবে ঘোষিত ৫২.৭ বিলিয়ন ডলারে চিপ প্রোগ্রামের অধীনে এটিই প্রথম বড় অনুদান। ২০২২ সালে এই চিপ প্রোগ্রামটি নেয়া হয়।

অনুদান প্রদানের বিষয়টি এমন এক সময়ে চূড়ান্ত হয়েছে যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে এই প্রোগ্রামের অন্যতম সমালোচক ডোনাল্ড ট্রাম্প। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

এপ্রিল মাসে টিএসএমসি তাদের পূর্ববর্তী বিনিয়োগ পরিকল্পনা ২৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৬৫ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দেয় এবং ২০৩০ সালের মধ্যে অ্যারিজোনায় তৃতীয় ফ্যাব্রিকেশন ইউনিট স্থাপন করবে বলে জানায়।

২০২৮ সালে অ্যারিজোনার দ্বিতীয় ফ্যাবে উৎপাদন শুরু হবে, যেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে চিপ তৈরি করা হবে। টিএসএমসি আরও জানিয়েছে যে, তারা তাদের সবচেয়ে উন্নত চিপ উৎপাদন প্রযুক্তি “এ১৬” যুক্তরাষ্ট্রের কারখানায় ব্যবহার করবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় টিএসএমসিকে চীনে উন্নত চিপ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে।

ডিবিটেক/বিএমটি